জাপানিরা এত দীর্ঘজীবী কেন?
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লক্ষ ছাড়িয়েছে। ২০২৬ সালে দেশটিতে একশ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা ১,০৭,৬৭৭। বিস্ময়কর ব্যাপার হলো, তাঁদের ৮৭.৬ শতাংশই নারী। কিন্তু প্রশ্ন হলো, জাপানিরা এত দীর্ঘজীবী কেন?
এর পেছনে কোনো একক রহস্য নেই। বরং অনেকগুলো বিষয় একসঙ্গে কাজ করছে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
ঐতিহ্যবাহী জাপানি খাবারে মাছ, সবজি, সয়াবিন ও সয়াজাত খাবারের প্রাধান্য বেশি। অতিরিক্ত ক্যালরি ও স্যাচুরেটেড ফ্যাট তুলনামূলক কম। গবেষকেরা জাপানের দীর্ঘায়ুর সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সম্পর্ক দেখেছেন।
খাবারে পরিমিতি
জাপানে প্রচলিত হারা হাচি বু ধারণার অর্থ হলো পেট পুরোপুরি ভরার আগেই খাওয়া থামানো। এতে অতিরিক্ত ক্যালরি গ্রহণ কমতে পারে এবং বিপাকীয় স্বাস্থ্য ভালো থাকে। জাপানিরা মনে করেন একটু কম খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো।
শরীর সচল রাখা
হাঁটাচলা, বাগান করা, বাজারে যাওয়া কিংবা দৈনন্দিন কাজে বয়স বাড়লেও অনেক জাপানি সক্রিয় থাকেন। আলাদা করে ব্যায়াম না করলেও নড়াচড়া তাঁদের জীবনযাপনের অংশ। জাপানিরা সব সময় অ্যাকটিভ থাকার চেষ্টা করেন।
জীবনের উদ্দেশ্য
জাপানে একটি সুন্দর ধারণা আছে – ইকিগাই। এর অর্থাৎ বেঁচে থাকার উদ্দেশ্য। পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে যোগাযোগ এবং নিজের কোনো পজিটিভ ভূমিকা থাকা মানুষকে মানসিকভাবে সক্রিয় রাখতে সাহায্য করে। ইকিগাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়।
উন্নত স্বাস্থ্যসেবা
জাপানে স্বাস্থ্য পরীক্ষা সহজলভ্য এবং চিকিৎসাব্যবস্থাও তুলনামূলক সাশ্রয়ী। ফলে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, ক্যানসারসহ বিভিন্ন রোগ আগেভাগে শনাক্ত ও চিকিৎসা করা সম্ভব হয়।
দীর্ঘজীবী নারী কেন এত বেশি?
শুধু জাপান নয়, পৃথিবীর অধিকাংশ দেশেই নারীরা পুরুষের তুলনায় বেশি দিন বাঁচেন। এর পেছনে জৈবিক কারণ যেমন আছে, তেমনি আছে জীবনযাপনের পার্থক্য। জাপানের পুরোনো প্রজন্মে পুরুষদের মধ্যে ধূমপান ও মদ্যপান নারীদের তুলনায় অনেক বেশি ছিল।
নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেনও হৃদপিন্ডের রক্তনালির স্বাস্থ্যে সুরক্ষামূলক ভূমিকা রাখে। এছাড়াও, নারীর দুটি এক্স ক্রোমোজোম কিছু জিনগত সুবিধা দিতে পারে।
সব মিলিয়ে দীর্ঘায়ুর সূত্রটিও সম্ভবত বেশ দীর্ঘ। পরিমিত ও পুষ্টিকর খাবার, নিয়মিত চলাফেরা, সামাজিক বন্ধন, জীবনের উদ্দেশ্য, উন্নত চিকিৎসা এবং কিছুটা অনুকূল জিন। সব মিলিয়ে এগুলোই দীর্ঘ জীবনের চাবিকাঠি।
শতবর্ষী হওয়ার কোনো নিশ্চিত রেসিপি নেই। তবে জাপানের মানুষ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন – দীর্ঘ জীবনের জন্য স্বাস্থ্যকর খাবার এবং সক্রিয় জীবনযাপনের প্রয়োজন রয়েছে।
