ভিনগ্রহের সংকেত
পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে একটি বিশাল গ্রহ। নাম বিটা পিকটোরিস বি। এবার সেই গ্রহ থেকে আসা রেডিও তরঙ্গ ধরা পড়েছে পৃথিবীর টেলিস্কোপে।
না, এটি এলিয়েনদের পাঠানো কোনো বার্তা নয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এক রেডিও বিকিরণ। কিন্তু তারপরও আবিষ্কারটি বেশ গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপ দিয়ে গ্রহটি পর্যবেক্ষণ করছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। তখনই তাঁরা ক্ষীণ কিন্তু বারবার ফিরে আসা রেডিও তরঙ্গের সন্ধান পান।
এরপর শুরু হয় আসল অনুসন্ধান। তরঙ্গটি কি নক্ষত্র থেকে আসছে, নাকি গ্রহ থেকে? খুব নিখুঁতভাবে অবস্থান মেপে দেখা গেল, উৎসটি নক্ষত্র নয়। সেটি মিলে যাচ্ছে বিটা পিকটোরিস বি-এর অবস্থানের সঙ্গে।
গবেষকদের ধারণা, এর পেছনে রয়েছে গ্রহটির অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। চার্জিত কণার সঙ্গে এই চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে অরোরা তৈরি হয় এবং সেখান থেকেই বেরিয়ে আসে রেডিও তরঙ্গ। বৃহস্পতিতেও একই ধরনের ঘটনা ঘটে।
রেডিও তরঙ্গ বিশ্লেষণ করে গবেষকেরা আরও চমকপ্রদ একটি তথ্য পেয়েছেন। যে অঞ্চলে তরঙ্গটি তৈরি হচ্ছে, সেখানে চৌম্বক ক্ষেত্রের শক্তি অন্তত ১,২৫০ গাউস। বৃহস্পতির তুলনায় যেটা বহুগুণ শক্তিশালী।
গবেষকদের ব্যাখ্যা সঠিক হলে, সৌরজগতের বাইরের কোনো গ্রহের চৌম্বক ক্ষেত্রের শক্তি সরাসরি মাপার এটিই প্রথম ঘটনা।
তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। গবেষণাটি এখনো পিয়ার রিভিউ হয়নি। এটি আর্কাইভে প্রিপ্রিন্ট হিসেবে প্রকাশিত হয়েছে।
তারপরও মহাকাশ গবেষণার নতুন একটি দরজা খুলে গেল। এতদিন দূরের গ্রহের আলো দেখে আমরা তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি। এবার সেখান থেকে পাওয়া প্রাকৃতিক রেডিও তরঙ্গ শুনেও হয়তো জানা যাবে সেই অচেনা জগতের খবর। মহাকাশের দূরবর্তী গ্রহগুলোকে আমরা শুধু আর দেখবো না, এবার তাদের পাঠানো বেতার সংকেতও শুনবো।
