Homeবিবিধ বিজ্ঞানরজওয়েলের রহস্য: এলিয়েন মহাকাশযান নাকি গোপন সামরিক প্রকল্প?

রজওয়েলের রহস্য: এলিয়েন মহাকাশযান নাকি গোপন সামরিক প্রকল্প?

অদ্ভুত ধ্বংসাবশেষ

১৯৪৭ সালের গ্রীষ্মকাল। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর নির্জন মরুভূমিতে একজন খামারি হঠাৎ করেই অদ্ভুত কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেলেন। মরুভূমির বালুর উপর ছড়িয়ে ছিল চকচকে ধাতব টুকরো, অস্বাভাবিক ফয়েলের মতো পাতলা বস্তু আর হালকা কিন্তু শক্ত কিছু কাঠামো। এমন অদ্ভুত জিনিস তিনি আগে কখনো দেখেননি। খবর দ্রুত পৌঁছে যায় কাছের সামরিক ঘাঁটিতে। অল্প সময়ের মধ্যেই সামরিক বাহিনীর লোকজন এসে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যায়।

ফ্লাইং ডিস্ক

তারপর ঘটলো এমন কিছু ঘটনা, যেটা আজও আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হয়ে আছে। কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় সংবাদপত্রে ছাপা হলো বিস্ফোরক খবর, সেনাবাহিনী নাকি অন্যগ্রহের একটি “ফ্লাইং ডিস্ক” উদ্ধার করেছে! ব্যস, সেখান থেকেই শুরু। মানুষ যেন প্রথমবারের মতো বিশ্বাস করার মতো একটি ‘প্রমাণ’ পেয়ে গেল- মহাবিশ্বে আমরা একা নই!

ষড়যন্ত্র তত্ত্ব

ঘটনাটি ঘটেছিল নিউ মেক্সিকোর রজওয়েল শহরের কাছে। পরে এই “রজওয়েল ঘটনা” ইউএফও রহস্যের প্রতীক হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপার হলো, মাত্র একদিন পরেই সেনাবাহিনী তাদের বক্তব্য বদলে ফেলে। তারা জানায়, এটি আসলে কোনো উড়ন্ত চাকতি নয়; এটা ছিল একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন মাত্র।

কিন্তু মানুষ তখন আর সেটা বিশ্বাস করতে রাজি নয়। কারণ ধ্বংসাবশেষ দেখেছেন দাবি করা অনেকেই বলছিলেন, বস্তুগুলো ছিল অস্বাভাবিক। কেউ কেউ আবার দাবি করলেন, সেখানে ছোট আকারের অদ্ভুত “মৃতদেহ”ও দেখা গিয়েছিল। এরপর ধীরে ধীরে ডালপালা মেলে জন্ম নিলো বিশাল এক কন্সপিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব। মার্কিন সরকার নাকি ব্যাপারটা ধামাচাপা দেয়ার জন্য এলিয়েন মহাকাশযান, মৃতদেহ সবকিছু গোপনে লুকিয়ে ফেলেছে।

দশকের পর দশক ধরে এই রহস্য আরও ঘনীভূত হতে থাকে। সিনেমা, বই, টিভি সিরিজ – সবখানেই রজওয়েল যেন এক আধুনিক পৌরাণিক কাহিনিতে পরিণত হয়। বিশেষত, The X-Files-এর মতো জনপ্রিয় টিভি সিরিজগুলো এই রহস্যকে আরও উসকে দেয়।

সরকারি ব্যাখ্যা

১৯৯০-এর দশকে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একটি বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করে। তাদের ভাষ্য মতে, ঘটনাটি আসলে ছিল “প্রজেক্ট মোগল” নামের এক গোপন সামরিক প্রকল্পের অংশ। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বিস্ফোরণের শব্দ শনাক্ত করার জন্য যুক্তরাষ্ট্র উচ্চ আকাশে বিশেষ সেন্সরযুক্ত বেলুন পাঠাতো। এগুলো ছিল অত্যন্ত গোপন প্রযুক্তি। কিন্তু সমস্যা হলো, সেই বেলুনগুলো দেখতে ছিল অদ্ভুত। অ্যালুমিনিয়াম ফয়েল, রেডার রিফ্লেক্টর, হালকা কাঠের ফ্রেম – এর ফলে সব মিলিয়ে বেলুনের ধ্বংসাবশেষগুলো সাধারণ মানুষের কাছে সত্যিই রহস্যময় মনে হতে পারে।

আর “এলিয়েন বডি”-র গল্প?

সরকারি ব্যাখ্যায় আরো বলা হয়, পরবর্তী সময়ে উচ্চ-উচ্চতায় প্যারাসুট পরীক্ষার জন্য ব্যবহৃত মানবসদৃশ ডামিগুলোকে অনেকে ভুল করে “ভিনগ্রহের প্রাণী” মনে করেছিলেন। মানুষের স্মৃতিও সময়ের সাথে সাথে বদলে যায়। কয়েক দশক ধরে গুজব, সিনেমা আর গল্পের প্রভাবে বাস্তব আর কল্পনা একসময় মিশে যায়। সেজন্য এলিয়েন ডেড বডির গল্প মানুষের মনে গেঁথে গেছে।

এলিয়েন ব্যবসা

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রহস্যকে ঘিরে পরে পুরো রজওয়েল শহরেই গড়ে ওঠে এক বিশাল “এলিয়েন ব্যবসা”। আজ সেখানে রাস্তার মোড়ে মোড়ে সবুজ রঙের এলিয়েনের মূর্তি দেখা যায়। দোকানে বিক্রি হয় এলিয়েন খেলনা, টি-শার্ট, মগ, পোস্টার, এমনকি এলিয়েন-থিমের খাবারও। শহরের অনেক ভবনের নকশাতেও ফ্লাইং সসারের ছাপ দেখা যায়। রজওয়েল শহরে রয়েছে, “ইন্টারন্যাশনাল ইউএফও মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার” নামের একটি জনপ্রিয় জাদুঘর। প্রতি বছর সেখানে “ইউএফও ফেস্টিভ্যাল”ও অনুষ্ঠিত হয়। হাজার হাজার পর্যটক শুধু এই রহস্যের টানেই শহরটিতে ভিড় জমান। অর্থাৎ, সত্যি এলিয়েন থাকুক আর না থাকুক, রজওয়েলের অর্থনীতিতে “এলিয়েন” কিন্তু একেবারে বাস্তব!

আমরা কি একা?

রহস্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। আমরা আকাশের দিকে তাকিয়ে এখনো ভাবি, এই বিশাল মহাবিশ্বে কি শুধু আমরাই আছি? নাকি অন্য আরো অনেকেই আছে?

সম্ভবত রজওয়েলের আসল শক্তি এখানেই। এটি শুধু একটি সামরিক দূর্ঘটনার গল্প নয়। এটি মানুষের কল্পনা, ভয়, কৌতূহল আর মহাবিশ্বে নিজের অবস্থান খোঁজার এক অদ্ভুত কাহিনী।

Tanvir Hossainhttps://bichitrobiggan.com
তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।
RELATED ARTICLES

Most Popular