Homeমহাকাশ বিজ্ঞানমঙ্গল অভিযান: পার্সিভিয়ারেন্স রোভারের লাল গ্রহে নতুন যাত্রা

মঙ্গল অভিযান: পার্সিভিয়ারেন্স রোভারের লাল গ্রহে নতুন যাত্রা

মঙ্গলের বুকে নাসার রোভার পার্সিভিয়ারেন্স

সম্প্রতি মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে নাসার মনুষ্যবিহীন রোভার পার্সিভিয়ারেন্স। নাসার বিজ্ঞানী এবং প্রকৌশলীরা আদর করে ডাকেন, পার্সি। এর আগেও, গত পঁচিশ বছরে মঙ্গল গ্রহে নাসা আরো চারটি রোভার পাঠিয়েছিলো। এদের নাম হলো সোজরনার, স্পিরিট, অপরচুনিটি এবং কিউরিওসিটি। এসব রোভারগুলো মঙ্গলপৃষ্ঠে বহু বছর ধরে চরে বেড়িয়েছে। সেখানকার ভুপ্রকৃতির গঠন সম্বন্ধে বিভিন্ন তথ্য-উপাত্ত পৃথিবীতে পাঠিয়েছে। মঙ্গলপৃষ্ঠ থেকে পাঠানো ছবি দেখে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন একসময় মঙ্গল গ্রহে তরল পানির অস্তিত্ব ছিল। তবে অতীতে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিলো কিনা সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে বলে রাখি,২০১১ সালে পাঠানো কিউরিওসিটি রোভারটি মঙ্গলপৃষ্ঠে এখনো সচল রয়েছে।

পার্সির অত্যাধুনিক ল্যাব ও ভবিষ্যৎ পরিকল্পনা

আগের রোভার গুলোর তুলনায় নাসার নতুন রোভার পার্সি অনেক বেশি কর্মক্ষম এবং আধুনিক। পার্সির ভেতরে রয়েছে একটি অ্যাস্ট্রোবায়োলজি ল্যাব। এই রোবটিক ল্যাবে মঙ্গল গ্রহের মাটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে দেখা হবে। সেখানে কোন অণুজীবের অস্তিত্ব থাকলে সেটা জানা যাবে। এছাড়াও পার্সি মঙ্গল গ্রহের মাটি এবং প্রস্তরখন্ডের নমুনা সংগ্রহ করবে। এগুলোকে পরবর্তী একটি মিশনের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে এনে আরো ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

মঙ্গলের আকাশে প্রথম হেলিকপ্টার ইনজিনিউটি

মজার ব্যাপার হলো, পার্সি রোভারের সাথে সংযুক্ত রয়েছে একটি ছোট্ট হেলিকপ্টার, এর নাম হলো ইনজিনিউটি। এর ওজন মাত্র ১.৮ কিলোগ্রাম। এই হেলিকপ্টারটিকে আর কিছুদিন পরেই মঙ্গলের আকাশে পরীক্ষামূলকভাবে উড়ানো হবে। তখন এটিই হবে পৃথিবীর বাইরে মানুষের উড়ানো সর্বপ্রথম আকাশযান। আশা করা যাচ্ছে, ভবিষ্যতে পার্সিভিয়ারেন্স এবং ইনজিনিউটির মাধ্যমে মঙ্গল গ্রহ সম্বন্ধে আরো অনেক নতুন তথ্য জানা যাবে।

মহাকাশ বিজ্ঞানের নতুন দিগন্ত ও মানুষের পদযাত্রা

আগামী বছরগুলোতে, মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি আরো অনেক এগিয়ে যাবে সেটা বলাই বাহুল্য। বিজ্ঞানীরা আশা করছেন, আগামী দশকের মধ্যেই হয়তো মঙ্গলের বুকে মানুষের পদচারনা সম্ভব হবে। এটি হলে মানব ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হবে। তবে এটাই শেষ নয়, এটা হবে শুরু। এভাবেই একদিন মানুষ সৌরজগতের সীমানা ছাড়িয়ে চলে যাবে দূরে বহুদূরে, অন্য কোনোখানে।

মঙ্গল গ্রহের উচ্চ রেজোলিউশন ভিডিও চিত্র

এখানে নাসার আগের রোভারগুলো থেকে পাঠানো মঙ্গল গ্রহের 4K ভিডিও এর লিংক দেওয়া হলো। পুরোটা দেখুন, দয়া করে মিস করবেন না,

Tanvir Hossainhttps://bichitrobiggan.com
তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।
RELATED ARTICLES

Most Popular