Homeপ্রকৃতি ও পরিবেশঅবিশ্বাস্য অভিযাত্রী

অবিশ্বাস্য অভিযাত্রী

সম্প্রতি পক্ষী বিজ্ঞানীরা একটি বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়েছেন। তারা ছোট্ট একটি পরিযায়ী পাখির অবিশ্বাস্য অভিযাত্রা ট্র্যাক করেছেন। বার-টেইলড গডউইট নামে পরিচিত এই পাখিটি পৃথিবীর দীর্ঘতম নন-স্টপ উড়ানের রেকর্ডধারী। কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে, সেটা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

মাত্র পাঁচ মাস বয়সী একটি গডউইট পাখি উত্তর আমেরিকার আলাস্কা থেকে উড়ে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে, তাসমানিয়া দ্বীপে। পাখিটির ট্র্যাকিং নম্বর ছিল ২৩৪৬৮৪, মাঝখানে কোথাও একবারও থামেনি পাখিটি। কোনো দ্বীপে নয়, কোনো জাহাজে নয়, একেবারে একটানা আকাশে উড়ে এসেছে।

এই অবিশ্বাস্য অভিযাত্রা চলেছে ১১ দিন ১ ঘণ্টা। দূরত্ব প্রায় ৮,৪২৫ মাইল, অর্থাৎ প্রায় ১৩,৫০০ কিলোমিটার। এই পুরো সময়টাতে পাখিটির কাছে ছিল না কোনো খাবার, না কোনো পানি, না কোনো বিশ্রাম।

বিস্ময়কর প্রস্তুতি

এই অবিশ্বাস্য যাত্রার আগে গডউইটের শরীরে ঘটে এক আশ্চর্য পরিবর্তন। উড়ানের জ্বালানি হিসেবে তার শরীরের প্রায় অর্ধেক ওজনই জমা হয় চর্বি হিসেবে। এই চর্বিই ধীরে ধীরে শক্তিতে রূপান্তরিত হয়ে তাকে হাজার হাজার কিলোমিটার উড়তে সাহায্য করে।

আরও আশ্চর্যের বিষয় হলো, শরীরকে হালকা রাখার জন্য যাত্রার সময় তার কিছু অভ্যন্তরীণ অঙ্গ সাময়িকভাবে ছোট হয়ে যায়।

অবিরাম ডানা ঝাপটানো

অনেক পাখি দীর্ঘ যাত্রায় বাতাসে ভেসে বা গ্লাইড করে শক্তি বাঁচায়। কিন্তু ছোট্ট পাখি গডউইটের ক্ষেত্রে সেটা হয় না। তাকে পুরো পথটুকু একটানা ডানা ঝাপটিয়েই উড়তে হয়েছে।

প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়তে উড়তে তাকে মোকাবিলা করতে হয়েছে বদলে যাওয়া বাতাস, ঝড়, আবহাওয়ার অনিশ্চয়তা, তবুও পথ হারায়নি পাখিটি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এটি ছিল তার জীবনের প্রথম অভিযাত্রা।

পথ কে দেখায়?

এই পাখিটির গতিপথ অনুসরণ করছিল নিউজিল্যান্ডের পুকোরোকোরো অক্ল্যান্ড শোরবার্ড সেন্টারের গবেষকরা। তাদের মতে, এত অল্প বয়সে হাজার হাজার কিলোমিটার উন্মুক্ত সমুদ্র পেরিয়ে সঠিক গন্তব্যে পৌঁছানো সত্যিই বিস্ময়কর।

বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন‌। এই পরিযায়ী পাখিরা ঠিক কীভাবে পথ খুঁজে পায়। সম্ভবত পাখিরা ব্যবহার করে সূর্যের অবস্থান, নক্ষত্রের দিকনির্দেশ, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এমনকি বাতাসের ধরণও। পরিযায়ী পাখিদের এই আশ্চর্য নেভিগেশন ব্যবস্থা আজও গবেষণার এক বড় রহস্য।

প্রকৃতির নীরব বিস্ময়

আমরা প্রায়ই প্রযুক্তির অগ্রগতি দেখে মুগ্ধ হই – বিমান, স্যাটেলাইট, জিপিএস। অথচ প্রকৃতির ছোট্ট একটি পাখি কোনো যন্ত্র ছাড়াই হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয় নির্ভুলভাবে। আকাশের এই ছোট্ট অভিযাত্রী যেন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির ভেতর লুকিয়ে রয়েছে এক অসাধারণ নকশা এবং বিস্ময়কর দক্ষতা।

একটি পাঁচ মাস বয়সী ছোট্ট পাখি, একটানা ১১ দিন আকাশে উড়ে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিল।

এই কাহিনী শুনলে বিস্মিত না হয়ে উপায় আছে?

Tanvir Hossainhttps://bichitrobiggan.com
তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।
RELATED ARTICLES

Most Popular