Homeমহাকাশ বিজ্ঞানসৌর পরিবারের এক নতুন সদস্য: রহস্যময় বামন গ্রহ 2017 OF201

সৌর পরিবারের এক নতুন সদস্য: রহস্যময় বামন গ্রহ 2017 OF201

সৌরজগতের অন্ধকার প্রান্তের নতুন আবিষ্কার

সৌরজগতের শেষ প্রান্তে, যেখানে সূর্যের আলো আর উষ্ণতা ধীরে ধীরে মিলিয়ে যায় মহাশূন্যের অতল অন্ধকারে, সেখানেই আবিষ্কৃত হয়েছে সৌরপরিবারের এক নতুন সদস্য। অ্যাস্ট্রোনমিক্যাল ক্যাটালগে এর নাম দেয়া হয়েছে, 2017 OF201।

বামন গ্রহ হওয়ার যোগ্যতা ও কক্ষপথের রহস্য

এটা কোনো সাধারণ গ্রহাণু নয়, বরং একেবারে ‘ট্রান্স-নেপচুনিয়ান অবজেক্ট’ বা TNO, এর মানে নেপচুনের কক্ষপথের বাইরের এক বস্তু। এর ব্যাস নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০০ কিলোমিটার। অর্থাৎ এটি একটি “বামন গ্রহ” বা ডুয়ার্ফ প্ল্যানেট হবার যোগ্যতা রাখে। এ ব্যাপারে গত ২১ মে ২০২৫, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার ঘোষণা দিয়েছে। তবে এর নিখুঁত কক্ষপথ নির্ণয় করতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয়েছে বেশ কয়েক বছর। এখন স্পষ্টভাবে জানা গেছে, এটি এমন এক বিস্ময়কর কক্ষপথে ঘুরছে, যেটা আমাদের পরিচিত সৌরজগতের গঠন সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে।

সূর্য প্রদক্ষিণে ২৫ হাজার বছরের দীর্ঘ যাত্রা

2017 OF201 সূর্যকে ঘিরে যে পথে ঘোরে, তা খুবই দীর্ঘায়িত বা উপবৃত্তাকার। এর কক্ষপথের ‘অ্যাপহেলিয়ন’, অর্থাৎ সূর্য থেকে সবচেয়ে দূরের বিন্দু, প্রায় ১৬০০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (AU)—অর্থাৎ পৃথিবী-সূর্য দূরত্বের ১৬০০ গুণ। এই বিশাল পথ পেরিয়ে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে এর লেগে যায় প্রায় ২৫ হাজার বছর। এই সময়টা এতটাই দীর্ঘ যে যখন এই বস্তুটা শেষবার সূর্যের সবচেয়ে কাছে ছিল, তখন মানব সভ্যতা শুরুই হয়নি। সূর্য থেকে এর সবচেয়ে কাছের দূরত্ব হলো ৪৪.৫ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ‌অর্থাৎ বামন গ্রহ প্লুটোর কাছাকাছি।

নবম গ্রহ বা প্ল্যানেট নাইনের অস্তিত্বের ইঙ্গিত

এই ধরনের বস্তু জ্যোতির্বিজ্ঞানীদের আগ্রহী করে তোলে। কারণ, এরা এমন এক জায়গা থেকে এসেছে যাকে বিজ্ঞানীরা বলে থাকেন, সৌরজগতের ‘আউটার রিজার্ভার’। এটি এক রহস্যময় অঞ্চল, যেখানে হয়তো আজও বহু অজানা বস্তু লুকিয়ে আছে। 2017 OF201 তেমনই এক বস্তু, যেটা আমাদের ইঙ্গিত দেয় এই অঞ্চল হয়তো সৌরজগতের বাইরে কোনো বৃহৎ অদৃশ্য বস্তুর প্রভাবে প্রভাবিত হচ্ছে। এমনকি কিছু বিজ্ঞানী বলছেন, এই ধরনের কক্ষপথ প্রমাণ করতে পারে তথাকথিত ‘নবম গ্রহ’ বা Planet Nine-এর অস্তিত্ব। যদিও এখনও সেটি এখনও নিশ্চিত নয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এতদূরের একটি বস্তু হওয়া সত্ত্বেও, 2017 OF201 এর কক্ষপথ খুবই নির্ভরযোগ্যভাবে নির্ধারণ করা গেছে, কারণ এটি বেশ ভালোভাবে পর্যবেক্ষণযোগ্য।

সৌরজগতের অজানা সীমানার হাতছানি

2017 OF201 আমাদের আবারও মনে করিয়ে দিল, সৌরজগত মানেই শুধু সূর্য এবং তার আটটি গ্রহ নয়। আরও অনেক অদেখা, অবিশ্বাস্য জগত লুকিয়ে আছে আমাদের সৌরজগতের বাইরের সীমানায়। ধীরে ধীরে এগুলো আমাদের দৃষ্টিসীমার ভেতরে চলে আসছে।

Tanvir Hossainhttps://bichitrobiggan.com
তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।
RELATED ARTICLES

Most Popular