Homeপ্রকৃতি ও পরিবেশসূর্যের আলো এবং ভিটামিন ডি

সূর্যের আলো এবং ভিটামিন ডি

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। সকল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একই রকম নয়। কারো বেশী, কারো কম। সেজন্য করোনা ভাইরাস সবাইকে সমানভাবে কাবু করতে পারছে না।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বৃদ্ধ এবং অসুস্থ মানুষেরা করোনার ফলে বেশি মারা যাচ্ছেন। এর কারণ হলো তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অপরদিকে দেখা যাচ্ছে, আমাদের দেশের খেটে খাওয়া মানুষজন করোনা রোগে কম আক্রান্ত হচ্ছেন। এর সহজ কারণ হলো তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেন বেশি সেটা ব্যাপক গবেষণার বিষয়।
খেটে খাওয়া মানুষেরা সারাদিন অনেক শারীরিক পরিশ্রম করেন এটি একটি কারণ হতে পারে। এছাড়া আরও একটি সম্ভাব্য কারণ থাকতে পারে। সেটি হলো তাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি নেই। কারণ তারা বেশিরভাগ সময় ঘরের বাইরে রোদে ঘোরাফেরা করেন।
বিজ্ঞানীরা জানেন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন ডি এর একটা ভূমিকা রয়েছে। যাদের শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন ডির স্বল্পতার কারণে অনেক দেশে করোনার প্রকোপ বেড়েছে এটা অনেক বিজ্ঞানীই এখন মনে করছেন। এ ব্যাপারে বেশ কিছু গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।
এখানে বলে রাখা ভালো, সূর্যের আলোর সাথে ভিটামিন ডি এর একটি সরাসরি সম্পর্ক রয়েছে। সূর্যের আলোর আল্ট্রাভায়োলেট রশ্মি যখন আমাদের ত্বকে লাগে, তখন ত্বকের নিচে অবস্থিত ক্লোরোস্টেরল ভিটামিন ডি তে রূপান্তরিত হয়। এভাবেই আমাদের দেহ প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি পেয়ে থাকে।
কিন্তু আমরা যারা সারাদিন ঘরে বসে থাকি তারা পর্যাপ্ত সূর্যালোক থেকে বঞ্চিত হই। ফলে আমাদের দেহে ভিটামিন ডি এর পরিমাণ কমে যায়। সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। সে জন্য দিনে অন্তত ২০ ২৫ মিনিট গায়ে সূর্যের আলো লাগানো দরকার। তবে এ কাজটি করার জন্য বাসার বাইরে যাওয়ার দরকার নেই। বাসার বারান্দায়, ছাদে অথবা উঠোনে বসে এই কাজটি অনায়াসে করা যায়। তবে বেশি রোদ লাগাবেন না, এতে ত্বকের ক্ষতি হতে পারে।
আমাদের বাংলাদেশে সূর্যালোকের কোন অভাব নেই, সেজন্য আমাদের দেশের খেটে খাওয়া মানুষ প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি সমৃদ্ধ। কিন্তু মুশকিল হলো এলিট শ্রেণীর মানুষকে নিয়ে যারা সূর্যের আলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পছন্দ করেন। অনেকে আবার কালো হয়ে যাবেন এই ভয়ে সূর্যের আলো থেকে দূরে থাকেন।
দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে সূর্যের আলোকে ভালোবাসুন। সৌরলোকে অবগাহন করে ভিটামিন ডি সমৃদ্ধ হয়ে উঠুন। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
Tanvir Hossainhttps://bichitrobiggan.com
তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular