পৃথিবীর ইতিহাস শুধু সবুজ অরণ্য আর নীল আকাশের গল্প নয়। এর ভেতরে লুকিয়ে আছে আগুন, বরফ, খরা আর মহামারীর দীর্ঘ ছায়া। বারবার এসেছে বিলুপ্তির হুমকি।
পৃথিবীতে আজ মানুষ প্রায় আটশো কোটি। আমরা শহর বানাই, মহাকাশে যাই, সমুদ্রের তলদেশ ঘুরে দেখি। কিন্তু এই অবস্থানে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না। আমাদের অতীত আসলে টিকে থাকার গল্প। এমন এক গল্প, যেখানে বহুবার আমরা প্রায় হারিয়ে গিয়েছিলাম।
জনসংখ্যা সংকোচন
বিবর্তনের ভাষায়, কোনো প্রজাতির সংখ্যা হঠাৎ কমে গেলে তাকে বলা হয় “পপুলেশন বটলনেক”। যেন বোতলের সরু মুখ দিয়ে সবকিছু বের হচ্ছে, যেখানে বেশিরভাগই আটকে যায়, অল্প কিছু বেরিয়ে আসে। এমন সময়ে অসংখ্য প্রাণ হারিয়ে যায়। হাতে গোনা কয়েকজন বেঁচে থাকে। তারাই নতুন প্রজন্মের শুরু করে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ে জিন বৈচিত্র্যে। অনেক বৈশিষ্ট্য হারিয়ে যায় চিরতরে। আত্মীয়দের মধ্যে প্রজননের ঝুঁকি বাড়ে।
তবে গল্পটা শুধু ধ্বংসের নয়। এই জনসংখ্যা সংকট এক ধরনের ছাঁকনি। যারা টিকে থাকে, তারাই ভবিষ্যৎ গড়ে। তাদের শরীর, আচরণ, বুদ্ধি – সব মিলেই তৈরি হয় নতুন মানব গাঁথা।
খাদের কিনারায়
মানুষের ইতিহাসে এমন অনেক সময় এসেছে, যখন আমরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিলাম। বরফ যুগ, আগ্নেয়গিরি, খরা, মহামারী – সব মিলিয়ে ছিল এক কঠিন পরীক্ষা। এক সময় পৃথিবীতে মানুষ ছিল হাতে গোনা। সাম্প্রতিক গবেষণা বলছে, প্রায় ৯ লাখ থেকে ৮ লাখ বছর আগে আমাদের পূর্বপুরুষরা ভয়ংকর সংকটে পড়েছিল। তখন প্রজননক্ষম মানুষের সংখ্যা নেমে এসেছিল মাত্র হাজার খানেকে। ভাবতে অবাক লাগে, গোটা পৃথিবীতে তখন একটি গ্রামের সমান মানুষ! তবে এই ধারণা এখনো বিতর্কিত। কিন্তু গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। কারণ এটি সত্য হলে মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি সামনে চলে আসে। তখন পৃথিবী ছিল প্লেইস্টোসিন যুগের কঠিন জলবায়ুতে। তীব্র শীত, দীর্ঘ খরা, খাদ্যসংকট – সব মিলিয়ে বাস্তুতন্ত্র ভেঙে পড়ছিল। মানুষও ছিল সেই ঝুঁকির মুখে।
জিনের পরিবর্তন
এই দীর্ঘ সংকট মানববিবর্তনের ওপর গভীর ছাপ রেখে গেছে। কিছু গবেষক ধারণা করেন, এই সময়ের কাছাকাছি কোনো এক পর্যায়ে আধুনিক মানুষের বংশধারায় গুরুত্বপূর্ণ জিনগত পরিবর্তন জমা হতে শুরু করে। মানুষের ৪৬টি ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম ২-এর উৎপত্তি, যেটা সম্ভবত দুটি পূর্ববর্তী ক্রোমোজোমের সংযোজনের ফল। এটা মানববংশের আলাদা পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। তবে একে সরাসরি ওই বটলনেকের সঙ্গে অবধারিতভাবে যুক্ত করা এখনো বৈজ্ঞানিকভাবে সাবধানে বলা উচিত। তবু এটুকু স্পষ্ট, এই সময়কার সংকট আমাদের বিবর্তনের গতিপথে গভীর প্রভাব ফেলেছিল।
টোবা ধ্বংসলীলা
প্রায় ৭৪ হাজার বছর আগে ঘটে এক বিশাল আগ্নেয় বিস্ফোরণ। সুমাত্রার টোবা সুপারভলক্যানো। আকাশ ভরে যায় ছাই আর গ্যাসে। পৃথিবীর জলবায়ু বদলে যায়। “টোবা ক্যাটাস্ট্রফি থিওরি” বলেছিল অনুযায়ী মানুষ তখন কয়েক হাজারে নেমে এসেছিল। শুনতে নাটকীয় কিন্তু বাস্তবতা একটু জটিল। ভারতের কিছু প্রত্নস্থলে দেখা গেছে টোবা বিস্ফোরণের আগেও মানুষ ছিল, পরেও ছিল। অর্থাৎ সবাই নিশ্চিহ্ন হয়ে যায়নি।
বরফ যুগ
এরপর, প্রায় ২৫ হাজার বছর আগে পৃথিবী প্রবেশ করে তীব্র বরফযুগে। ইউরোপের বড় অংশ ঢেকে যায় বরফে। মানুষ তখন কিছু তুলনামূলক উষ্ণ অঞ্চলে আশ্রয় নেয়। এসব অঞ্চলকে বলা হয় “রেফুজিয়া”। আইবেরিয়া, ইতালি, বলকান – এসব জায়গায় মানুষ টিকে ছিল। পরে বরফ সরলে তারা আবার ছড়িয়ে পড়ে। এ সময় শুধু শক্তি নয়, সামাজিক বন্ধনও গুরুত্বপূর্ণ ছিল। মানুষ একে অপরের সঙ্গে জ্ঞান, প্রযুক্তি, এমনকি সংস্কৃতিও ভাগ করত।
আবার বরফের যুগ
প্রায় ১২,৮০০ বছর আগে আবার পৃথিবী ঠান্ডা হয়ে যায়। এই সময়কে বলা হয় ইয়াংগার ড্রায়াস। প্রায় ১,২০০ বছর স্থায়ী ছিল এই শীতলতা। কারণ নিয়ে এখনো বিতর্ক আছে। তবে এই পরিবর্তন মানুষের জীবনকে বদলে দেয়। কোথাও সংস্কৃতি হারিয়ে যায়, কোথাও নতুন জীবনধারা শুরু হয়। মধ্যপ্রাচ্যে মানুষ ধীরে ধীরে স্থায়ী খাদ্যব্যবস্থার দিকে এগোতে শুরু করে। এখান থেকেই কৃষির সূচনা হতে পারে। আসলে সংকট মানুষকে থামায় না। বরং নতুন পথ দেখায়।
মানুষের তৈরি বিপর্যয়
সব বিপর্যয় প্রকৃতির নয়। কিছু তৈরি করেছে মানুষ নিজেই। প্রায় ৫ থেকে ৭ হাজার বছর আগে দেখা যায় – অনেক কম সংখ্যক পুরুষ অধিকাংশ সন্তানের পিতা হচ্ছিল। ফলে জিনগত বৈচিত্র্য কমে যায়। সম্ভবত এর পেছনে ছিল কৃষি, সম্পদ, যুদ্ধ আর ক্ষমতার কেন্দ্রীকরণ। এখানে একটি বড় সত্য ধরা পড়ে- মানুষ নিজের সমাজ দিয়ে নিজের জিনগত ভবিষ্যৎও বদলে দিতে পারে।
ব্ল্যাক ডেথ
চতুর্দশ শতকে আসে ভয়ংকর মহামারী – ব্ল্যাক ডেথ। বিউবিনিক প্লেগে অসংখ্য মানুষ মারা যায়। সমাজের ভিত্তি কেঁপে ওঠে। কিন্তু এই মহামারী আমাদের শরীরেও ছাপ রেখে গেছে। কিছু জিন মানুষকে বাঁচতে সাহায্য করেছিল। যেমন ERAP2 জিনের নির্দিষ্ট রূপ। যারা এই জিন বহন করত, তারা হয়তো বেশি টিকে ছিল। ফলে সেই জিন ছড়িয়ে পড়ে।
কিন্তু এর মূল্যও আছে। আজ এই একই জিন কিছু অটোইমিউন রোগের সঙ্গে যুক্ত।
হার না মানা
এই সব সংকট একসঙ্গে দেখলে কিছু বিষয় পরিষ্কার হয়। মানুষ শুধু জৈবিক প্রাণী নয়, সামাজিক প্রাণী। পারস্পরিক সহযোগিতা ছিল আমাদের শক্তি। প্রযুক্তি ছিল আমাদের অস্ত্র। আগুন, হাতিয়ার, কৃষি—সবই আমাদের টিকে থাকতে সাহায্য করেছে। অভিবাসন ছিল আরেকটি পথ। এক জায়গা খারাপ হলে মানুষ অন্যত্র গেছে। নতুন পরিবেশে খাপ খাইয়েছে। মানুষ শুধু বেঁচে থাকেনি। শিখেছে, বদলেছে, আবার গড়ে তুলেছে।
মানব জাতির ইতিহাস সরল অগ্রগতির গল্প নয়। এটি ধ্বংস আর পুনর্জন্মের গল্প। কখনো বরফ মানুষকে থামিয়েছে। কখনো আগ্নেয়গিরি আকাশ ঢেকেছে। কখনো রোগ জনপদ ফাঁকা করেছে। কখনো মানুষই মানুষের জন্য বিপদ হয়েছে। তবু প্রতিবারই কিছু মানুষ বেঁচে থেকেছে। তাদের হাত ধরেই আবার শুরু হয়েছে নতুন অধ্যায়। এই কারণেই “পপুলেশন বটলনেক” শুধু সংকট নয়। এটি আমাদের গঠনের অংশ।
আজও আমরা নতুন চ্যালেঞ্জের মুখে জলবায়ু পরিবর্তন, মহামারী, পরিবেশ বিপর্যয়। কিন্তু অতীত আমাদের একটি শিক্ষা দেয়। মানুষ বারবার ধ্বংসের কিনারা থেকে ফিরে এসেছে, নতুন করে পৃথিবী গড়েছে। প্রজাতি হিসেবে মানুষকে আলাদা করে যে বৈশিষ্ট্যটি সবচেয়ে উজ্জ্বল, সেটা হলো, মানুষ সহজে হার মানে না।
