চাঁদ জয়ের পর পৃথিবীর দিকে যাত্রা
চাঁদের পাশ দিয়ে ঘুরে আসা মানে শুধু ইতিহাস ছোঁয়া নয়। এর পরের যাত্রাটাও সমান নাটকীয়। অরায়েন স্পেসক্রাফট এখন পৃথিবীর দিকে ফিরছে, কিন্তু সামনে অপেক্ষা করছে মহাকাশযাত্রার সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ, বা “রিএন্ট্রি”। মহাকাশে ভেসে থাকা যতটা সহজ, পৃথিবীতে ফিরে আসা ততটাই বিপদজনক।
বায়ুমণ্ডলে প্রবেশের ভয়ংকর তাপ ও গতি
প্রতি ঘণ্টায় প্রায় ৪০ হাজার কিলোমিটার গতিতে ছুটে আসছে অরায়েন মহাকাশযান। এই গতিতে সরাসরি বায়ুমণ্ডলে ঢুকলেই সেটা আগুনের মুখে পড়বে।বায়ুমণ্ডল যদিও কোনো কঠিন দেয়াল নয়, কিন্তু এত উচ্চ গতিতে বাতাসের অণুগুলোর সাথে সংঘর্ষই তৈরি করে ভয়ংকর তাপ। যেটা ২,৭০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। এটা শুধু “ঘর্ষণ” নয়। এটা মূলত বাতাসের সংকোচন। মহাকাশযান সামনে থাকা বাতাসকে চেপে ধরে, আর সেই চাপে বাতাস উত্তপ্ত হয়ে প্লাজমায় পরিণত হয়। তখন পুরো ক্যাপসুলটা আগুনে জ্বলতে থাকা এক উল্কার মতো দেখায়।
ওরায়েনের বিশেষ হিট শিল্ড ও সুরক্ষা
এই আগুনের হাত থেকে বাঁচার একটাই উপায়। একটি নিখুঁত অগ্নি-ঢাল। আর সেই কাজটাই করে অরায়েনের হিট শিল্ড। এই হিট শিল্ড তৈরি হয়েছে বিশেষ ধরনের অ্যাবলেটিভ উপাদান দিয়ে। তীব্র তাপের মুখে পড়লে এই উপাদানটি ধীরে ধীরে ক্ষয় হয়ে গ্যাসে পরিণত হয়, আর সেই প্রক্রিয়ায় তাপকে নিজের সাথে নিয়ে বাইরে সরিয়ে দেয়। ফলে ভেতরের অংশ তুলনামূলক ঠান্ডা থাকে। সহজ করে বললে, এটি নিজের কিছু অংশ উৎসর্গ করে ভেতরের নভোচারীদের বাঁচায়।
নাসার প্রযুক্তিতে নির্মিত বৃহত্তম অগ্নি-ঢাল
নাসার তৈরি এই হিট শিল্ডটি মানুষের জন্য নির্মিত সবচেয়ে বড় হিট শিল্ডগুলোর একটি, যার ব্যাস প্রায় ৫ মিটার। এটি তৈরি করা হয়েছে বিশেষ অ্যাবলেটিভ উপাদান Avcoat দিয়ে, যেটা তীব্র তাপের মুখে ধীরে ধীরে ক্ষয় হয়ে তাপকে নিজের সঙ্গে নিয়ে বাইরে সরিয়ে দেয়। চাঁদ থেকে ফেরার সময় সৃষ্ট অত্যন্ত উচ্চ গতির রিএন্ট্রির ভয়ংকর তাপ ও চাপ সহ্য করার জন্যই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
স্কিপ রিএন্ট্রি কৌশলের গুরুত্ব
কিন্তু শুধু ঢাল থাকলেই হয় না, দরকার সঠিক কৌশলও। অরায়েন সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে না। এটি “স্কিপ রিএন্ট্রি” নামে এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে। প্রথমে বায়ুমণ্ডলে ঢুকে গতি কমায়, তারপর আবার সামান্য উপরে উঠে যায়, এরপর আবার ঢুকে পড়ে। এই দুই ধাপে প্রবেশের ফলে তাপ এবং চাপ দুটোই নিয়ন্ত্রণে রাখা যায়। এই পদ্ধতিটা অনেকটা পানির উপর দিয়ে ছুঁড়ে দেওয়া পাথরের মতো।একবার ছুঁয়ে উঠে যায়, তারপর আবার পড়ে।
যোগাযোগ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট পিরিয়ড
রিএন্ট্রির সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো “ব্ল্যাকআউট”। যখন মহাকাশযানের চারপাশে প্লাজমার স্তর তৈরি হয়, তখন রেডিও সিগন্যাল কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ, পৃথিবীর সাথে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই কয়েক মিনিটই সবচেয়ে টানটান উত্তেজনার সময়।
প্যারাশুট অবতরণ ও প্রশান্ত মহাসাগরে ফেরা
সবকিছু ঠিকঠাক হলে, তাপ আর গতি কমে আসবে, তারপর খুলে যাবে বিশাল প্যারাশুট। ধীরে ধীরে নেমে আসবে ক্যাপসুল, আর শেষ পর্যন্ত অবতরণ করবে সান ডিয়েগোর উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে। সেখানেই অপেক্ষা করবে উদ্ধারকারী দল।
মহাকাশ বিজ্ঞানের নিখুঁত হিসেব ও ঐতিহ্য
চাঁদে যাওয়ার গল্প যতটা রোমাঞ্চকর, পৃথিবীতে ফিরে আসার গল্পটাও ততটাই নিখুঁত বিজ্ঞান আর সূক্ষ্ম হিসেবের। সামান্য ভুল মানেই বিপর্যয়। তাই এই পুরো প্রক্রিয়াটা আসলে এক ধরনের পরীক্ষিত ঐতিহ্যের ধারাবাহিকতা। যেটা শুরু হয়েছিল অ্যাপোলো যুগে, আর আজ নতুন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিখুঁত হয়েছে।
মিশনের চূড়ান্ত সাফল্য ও শুভকামনা
আগুনের দরজা পেরিয়ে, নিরাপদে পৃথিবীতে ফেরা-এই মুহূর্তটাই আসলে পুরো যাত্রার সবচেয়ে বড় সাফল্য।অরায়েনের ফিরে আসা নিরাপদ হোক।
