মানবসভ্যতার এক অবিস্মরণীয় দিন
১৯৬৯ সালের ২০ জুলাই। মানবসভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিনই প্রথমবারের মতো মানুষ পা রেখেছিল চাঁদের মাটিতে। এই ঘটনা শুধু প্রযুক্তির বিজয় নয়, বরং মানব কল্পনা, সাহস আর অদম্য ইচ্ছার এক অনন্য প্রতীক।
ঠান্ডা যুদ্ধ ও মহাকাশ জয়ের প্রতিযোগিতা
যে সময়টার কথা বলছি, তখন পৃথিবী ছিল ঠান্ডা যুদ্ধের উত্তাপে উত্তাল। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন ছিল মহাকাশ দখলের এক পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত। সোভিয়েতরা প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক পাঠিয়েছে, প্রথম মানুষ ইউরি গাগারিনকে মহাকাশে পাঠিয়েছে, এই সব কিছুর মধ্যে আমেরিকার লক্ষ্য ছিল একটাই , মানুষকে চাঁদে পাঠাতে হবে। প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬১ সালেই ঘোষণা দিয়েছিলেন, “এই দশকের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাব এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনব।”
অ্যাপোলো ১১ মিশনের ঐতিহাসিক যাত্রা
সেই স্বপ্নই বাস্তবে রূপ নেয় ১৯৬৯ সালের জুলাই মাসে। অ্যাপোলো ১১ মিশন ছিল সেই স্বপ্নপূরণের নাম। ১৬ জুলাই সকালে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে স্যাটার্ন-ভি রকেট। তিন মহাকাশচারী—নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন ও মাইকেল কলিন্স ছিলেন এই ঐতিহাসিক অভিযানের যাত্রী। এর চারদিন পর, ২০ জুলাই রাতে পৃথিবীর কোটি কোটি মানুষ টিভি সেটের সামনে বসে থাকল নিঃশ্বাস বন্ধ করে, সেই মুহূর্তটির জন্য যেটা তারা কোনো দিন ভুলবে না। ১৯৬৯ সালে আমি ছিলাম নয় বছরের বালক। সেই অবিস্মরণীর দিনটির কথা এখনো ভুলি নাই।
চাঁদের মাটিতে মানুষের প্রথম পদক্ষেপ
“হিউস্টন, ট্র্যাঙ্কুইলিটি বেস হিয়ার। দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড”—এমন এক বাক্য যা আজও কাঁপিয়ে তোলে অ্যাডভেঞ্চার প্রেমীদের হৃদয়। চাঁদের মাটিতে ‘ঈগল’ নামের লুনার মডিউল অবতরণ করল। আর কিছুক্ষণ পর, নিঃস্তব্ধ, ধূসর সেই চাঁদের মাটিতে ধীরে ধীরে নামলেন এক মানুষ, নীল আর্মস্ট্রং। তাঁর সেই বিখ্যাত উচ্চারণ: “That’s one small step for a man, one giant leap for mankind.”
আর্মস্ট্রংয়ের সেই কালজয়ী উক্তি
এই শব্দগুলো এতটাই শক্তিশালী ছিল, যেন আজও মনে হয় প্রতিধ্বনিত হচ্ছে।
চাঁদের বুকে গবেষণা ও নমুনা সংগ্রহ
আর্মস্ট্রংয়ের পরে বাজ অলড্রিনও চাঁদের বুকে পা রাখেন। তাঁরা এক ঘণ্টার বেশি সময় চাঁদের মাটিতে হাঁটলেন, গবেষণা করলেন, ছবি তুললেন, আর সেই প্রাচীন মাটিতে রেখে গেলেন মানুষের পদচিহ্ন। তাঁরা তুলে আনলেন চাঁদের মাটি ও পাথরের নমুনা। এদিকে কমান্ড মডিউল কলম্বিয়াতে বসে মাইকেল কলিন্স চাঁদকে ঘিরে প্রদক্ষিণ করছিলেন আর অপেক্ষা করছিলেন তার সহযাত্রীদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য।
বিজ্ঞান ও সাহসের অনন্য সমন্বয়
এই পুরো অভিযানে মানুষের প্রযুক্তি, গণনা, ও নিখুঁত পরিকল্পনার অসাধারণ সমন্বয় ছিল। তখন কোনো ইন্টারনেট ছিল না, ছিল না আধুনিক কম্পিউটার। তবুও বিজ্ঞান, সাহস, মানসিক দৃঢ়তা একত্র হয়ে যেভাবে মানুষের সেই “অসাধ্যকে” সাধন করল, তা কেবল বিস্ময়করই নয়, অনুপ্রেরণাদায়ক। চাঁদে মানুষের প্রথম পা রাখার ঘটনা যেন এক নতুন দিগন্ত খুলে দিল। এরপর আরও পাঁচবার মানুষ চাঁদে গেছে, নতুন নতুন তথ্য এনেছে।
অজানা জগত জয়ের চিরস্থায়ী গৌরব
তবে ২০ জুলাই ১৯৬৯, এই দিনটার মাহাত্ম্য সবচেয়ে বড়, কারণ সেদিনই মানুষ তার চিরচেনা গ্রহের সীমা পেরিয়ে, প্রথমবার ছুঁয়েছিল এক অজানা জগতকে। সেই ঐতিহাসিক বিজয়ের দিনের স্মৃতিতে দাঁড়িয়ে অ্যাপোলো ১১ অভিযানের নায়কদের স্যালুট জানাই।
