Sunday, March 1, 2026

জীবনের বিজ্ঞান, মহাবিশ্বের মহাবিস্ময়, মহাকাশ অভিযানের কাহিনী, পদার্থের স্বরূপ, কালজয়ী বিজ্ঞানীদের গল্প - এসব নানা চমকপ্রদ বিষয়ে বিভিন্ন সময়ে আমার লেখাগুলোকে নিয়ে তৈরি করেছি , 'বিচিত্র বিজ্ঞান' নামের এই ওয়েব সাইট। বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করা এবং বিজ্ঞানকে জনপ্রিয় করার ইচ্ছে নিয়েই সহজ-সরল বাংলা ভাষায় লেখাগুলো এই সাইটে প্রকাশ করা হয়েছে।  আশা করছি, দিনে দিনে আরো নিত্যনতুন লেখা যোগ করা হবে।

Homeজীবনের বিজ্ঞানগাছের বুদ্ধিমত্তা

গাছের বুদ্ধিমত্তা

নীরবতার ভুল ব্যাখ্যা

গাছের দিকে তাকালে আমাদের চোখে প্রথম যে জিনিসটা ধরা পড়ে, সেটা হলো নীরবতা। গাছেরা কথা বলে না, হাঁটে না, চলে না, শুধু নীরবে দাঁড়িয়ে থাকে। আমরা তাই সহজেই ধরে নিই, উদ্ভিদ মানে তাদের বোধশক্তি নেই, কোন বুদ্ধিমত্তা নেই।

অথচ প্রকৃতির নিয়ম কখনোই এত সরল সোজা নয়। গাছেরা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও ভেতরে ভেতরে ভয়ংকর রকমের ব্যস্ত। একটি গাছকে বাইরে থেকে যতটা স্থির মনে হয়, ভেতরে সে ঠিক ততটাই সক্রিয়। গাছ তথ্য নিচ্ছে, হিসাব করছে, মানিয়ে নিচ্ছে, এবং প্রয়োজন হলে কৌশল বদলে ফেলে টিকে থাকার সিদ্ধান্তও নিয়ে নিচ্ছে।

মস্তিষ্ক নেই, তবু বুদ্ধি আছে

গাছের মাথা নেই, মস্তিষ্ক নেই – এটা সত্যি। কিন্তু এর পাশেই আরেকটা সত্যি দাঁড়িয়ে আছে: “মস্তিষ্ক না থাকলেই বুদ্ধি থাকবে না”- এটা মানুষের সহজাত ধারণা, প্রকৃতির নিয়ম নয়। আমাদের কাছে বুদ্ধিমত্তার উৎস একটি সেন্টার – যার নাম মস্তিষ্ক। যেখানে সব ইনপুট গিয়ে জমা হয়, তারপর সেখান থেকে সিদ্ধান্ত বেরিয়ে আসে।

কিন্তু উদ্ভিদের বুদ্ধিমত্তা কোনো এক জায়গায় থেকে নিয়ন্ত্রিত হয় না, বরং এটা একেকটা কোষের মধ্যে ছড়িয়ে থাকা একটি নিঃশব্দ নেটওয়ার্ক। প্রতিটা কোষ তার কাজ বোঝে, সংকেত বোঝে, পাশের কোষের সাথে যোগাযোগ করে, ফলে পুরো উদ্ভিদ মিলেমিশে একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। এটাই উদ্ভিদের বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য।

এটা যেহেতু “মানুষের মতো” নয়, তাই আমাদের চোখে কম পড়ে। মানুষ সশব্দে কথা বলে; কিন্তু গাছ নীরবে যোগাযোগ করে। মানুষের সিদ্ধান্ত চোখে দেখা যায়; গাছের সিদ্ধান্ত মাটির নিচে, পাতার শিরায়, অথবা সূক্ষ্ম রাসায়নিক বার্তায় লুকিয়ে থাকে।

মাটির নিচে গাছের জীবন

একটি গাছকে যদি শুধু মাটির উপরে দেখেন, তাহলে তার অর্ধেক জীবন দেখছেন। কারণ গাছের জীবনের বাকি অংশটা লুকিয়ে রয়েছে মাটির নিচে – গাছের শিকড়ে। শিকড়ের ভেতর দিয়ে গাছ পানি শুষে, খনিজ লবণ টানে, আবার একই সাথে মাটির ভাষাও বুঝতে পারে।

কোথায় পানি আছে, কোথায় শুকনো, কোথায় লবণ বেশি, কোথায় বিষাক্ত উপাদান আছে – গাছের শিকড় এসব খবর পায়। আর সেই খবরের উপর ভিত্তি করে গাছ সিদ্ধান্ত নেয়: “আমি এইদিকে বাড়ব, ওইদিকে যাব না।” মানুষের কাছে এটা স্রেফ একটা জৈবিক প্রতিক্রিয়া মনে হতে পারে, কিন্তু এটা এক ধরনের ন্যাভিগেশন। আমরা যেমন হাঁটতে হাঁটতে রাস্তাঘাট দেখে ডানে-বামে ঘুরে যাই, গাছও ঠিক তেমনি, তার হাঁটা হলো শিকড়ের ধীর বিস্তার। তার কম্পাস হলো রাসায়নিক সংকেত আর আর্দ্রতার মানচিত্র।

মাধ্যাকর্ষণও গাছের কম্পাস

গাছের এই কম্পাসের তালিকায় আরেকটা ব্যাপার আছে, যেটা আমরা খেয়াল করি না বললেই চলে। সেটা হলো পৃথিবীর টান, মাধ্যাকর্ষণ। শিকড় কেন সবসময় নিচের দিকে যায়? কে তাকে বলে দেয় “নিচে” কোন দিক?

এই দিক চেনার ক্ষমতার নাম, জিওট্রপিজম। শিকড় মাধ্যাকর্ষণের দিকে বাড়ে, আর গাছের কাণ্ড ও ডালপালা ঠিক তার উল্টো দিকে উঠে আসে। একই গাছের ভেতরে যেন একই সাথে দুইটা সিদ্ধান্ত কাজ করে। একটা নিজের ভিত্তি খুঁজে নেয় মাটির গভীরে, আরেকটা আলো খুঁজে নেয় আকাশের দিকে। গাছ দাঁড়িয়ে থেকেও দিক চিনতে পারে। এটাও তার নিঃশব্দ ন্যাভিগেশন।

আলোর পথে যাত্রা

গাছ কেবল মাটির খবরই রাখে না, আকাশের খবরও রাখে। আলো তার কাছে কেবল উজ্জ্বলতা নয়, আলো হলো তথ্য। দিনের আলো কতক্ষণ থাকছে, আলো কোন দিক থেকে আসছে, আলোটা কেমন রঙের- এসব দেখে গাছ বুঝে ফেলে ঋতু বদলাচ্ছে কি না। অনেক সময় আলো যেদিক থেকে আসে, গাছের ডালপালা সেদিকেই হালকা ঝুঁকে পড়ে। এই প্রবণতাকে বিজ্ঞানীরা বলেন, ফোটোট্রপিজম।

ঘড়ি ধরে চলা

শীতে পাতাঝরা, বসন্তে ফুল ফোটা- আমাদের কাছে এগুলো মনে হয় প্রকৃতির রোমান্টিক নিয়ম। আসলে এটা উদ্ভিদের “ঘড়ি”। একটি নিখুঁত জৈব ঘড়ি। সেই ঘড়ির কাঁটা ঘোরে আলো দেখে, অন্ধকার দেখে, তাপমাত্রা দেখে।

ফুল ফোটানো কোনো আবেগের সিদ্ধান্ত না। এটা টিকে থাকার কঠিন হিসাব। ভুল সময়ে ফুল ফুটলে পরাগায়ন হবে না, বীজ হবে না, প্রজন্ম এগোবে না। কাজেই গাছকে সময় বুঝতেই হয়। আর সময় বুঝতে পারা মানেই এক ধরনের বুদ্ধিমত্তার প্রাথমিক শর্ত।

গাছের নীরব যুদ্ধ

এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়- যুদ্ধ। হ্যাঁ, গাছ যুদ্ধ করে। শুধু গাছের যুদ্ধটা আমাদের মতো চোখে দেখা যায় না। একটি শুঁয়োপোকা পাতায় কামড় দিলে গাছের ভেতর থেকে একধরনের রস বের হয়- এটা আমরা দেখি। কিন্তু আমরা দেখি না যে, সেই কামড়ের সাথে সাথে গাছের ভেতরে কী ভয়ংকর কেমিক্যাল এলার্ম বেজে ওঠে।

কোন জায়গায় আঘাত, কত দ্রুত আঘাত, কী ধরনের শত্রু- এই তথ্যগুলো গাছ “চেনে”, তারপর সে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। কোথাও তিতা রাসায়নিক বানায় যাতে শত্রুর খাওয়া কঠিন হয়, কোথাও বিষাক্ত যৌগ তৈরি করে যাতে পোকা দুর্বল হয়ে পড়ে, কোথাও পাতাকে এতটাই শক্ত করে ফেলে যে কামড়ানোই মুশকিল।

কিছু উদ্ভিদ আবার আরও চালাক- তারা বাতাসে এমন এক ধরনের গন্ধ ছড়ায় যেটা শিকারি পোকাদের ডেকে আনে। তার মানে গাছ যেন বলছে, “ঠিক আছে, তুই কামড় দিচ্ছিস… কিন্তু আমি একা নই। আমি ব্যাকআপ ডেকে আনছি।”

আফ্রিকার কিছু অ্যাকাশিয়া গাছ পিঁপড়াদের জন্য মিষ্টি রস রেখে দেয়, আর তার বদলে সেই পিঁপড়ার দল গাছটার দেহরক্ষী হয়ে দাঁড়িয়ে যায়; কোনো তৃণভোজী প্রাণী পাতায় মুখ দিলেই তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। আর কিছু গাছ আরও নীরব যোদ্ধা। তারা মাটিতে এমন রাসায়নিক ছড়িয়ে দেয় যাতে আশেপাশের প্রতিদ্বন্দ্বী গাছ ঠিকমতো বেড়ে উঠতে না পারে। এটা স্রেফ প্রতিক্রিয়া নয়- এটা টিকে থাকার নীরব কৌশল।

মাইকোরাইজা: বনের গোপন ইন্টারনেট

আর গাছের বেঁচে থাকার কৌশলের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায় হলো গাছেদের গোপন যোগাযোগ ব্যবস্থা। আমরা ইন্টারনেট বানিয়ে খুব গর্ব করি- ফাইবার অপটিক, স্যাটেলাইট, ওয়াইফাই! অথচ বনের ভেতর বহু আগে থেকেই একটা নেটওয়ার্ক আছে, যেখানে তার নেই, টাওয়ার নেই, কিন্তু তথ্য চলাচল করে।

মাটির নিচে শিকড়ের সাথে ছত্রাকের যে জাল ছড়িয়ে থাকে, তার নাম মাইকোরাইজা। এটা বনভূমির ডেটা ক্যাবল – “উড ওয়াইড ওয়েব”। এক গাছের কাছে বেশি পুষ্টি থাকলে সে অন্য গাছকে দিতে পারে। কোনো গাছে আক্রমণ হলে সতর্ক সংকেত অন্য গাছে পৌঁছে যেতে পারে। দুর্বল চারা গাছকে পাশে থাকা বড় গাছ সাহায্য করতে পারে।

একটা বন মানে শুধু আলাদা আলাদা গাছের সমষ্টি নয়। এটা একটা সমাজ ব্যবস্থা। নীরব সমাজ, কিন্তু কার্যকর। একটা পুরোনো বড় গাছের চারপাশে ছোট ছোট চারা যখন বেঁচে থাকে, তখন সেটা কেবল ছায়ার কারণে নয়, অনেক সময় পুষ্টি ভাগাভাগির কারণেও হতে পারে।

গাছ কি শেখে? মনে রাখে?

এখন প্রশ্ন আসে, গাছ কি শেখে? গাছ কি মনে রাখতে পারে? এই জায়গাটায় এসে মানুষ একটু অস্বস্তি বোধ করে। কারণ শেখা এবং মনে রাখা এই দুটো শব্দ আমরা মস্তিষ্কের সাথে জুড়ে দিয়েছি। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন হতে পারে।

লজ্জাবতী গাছের কথাই ধরুন। ছুঁলেই পাতা গুটিয়ে যায়। এটা তার প্রতিরক্ষা ব্যবস্থা। নিজেকে ছোট করে ফেলা, নজরে না পড়া। কিন্তু গবেষণায় দেখা গেছে, বারবার যদি তাকে এমন উদ্দীপনা দেওয়া হয় যেটা ক্ষতিকর নয়, তাহলে একসময় লজ্জাবতী আর পাতা গুটায় না। কারণ তখন সে বুঝে যায় – এটা আসলে কোন বিপদ নয়। অযথা শক্তি নষ্ট করার দরকার নেই।

এই “শেখা” আমাদের মত নয়। কিন্তু এটা শেখারই এক ধরনের সংস্করণ। গাছের স্মৃতি নিউরনের ভেতর জমা থাকে না, বরং জমা থাকে রাসায়নিক সিগন্যালিংয়ে, জিনের আচরণে, কোষের ভেতরের দীর্ঘস্থায়ী পরিবর্তনে। এবং অনেক সময় এই পরিবর্তন প্রজন্মেও প্রভাব ফেলতে পারে। গাছ যেন তার নিজের অভিজ্ঞতা নতুন পাতায় নোটবুকে তুলে রাখে।

ধীর সিদ্ধান্ত, গভীর কৌশল

সবচেয়ে বড় কথা হলো, উদ্ভিদের বুদ্ধিমত্তা তাৎক্ষণিক নয়। গাছেরা এক সেকেন্ডে সিদ্ধান্ত নেয় না। ওদের জীবনে সময়ের স্কেল আলাদা। মানুষ তড়িঘড়ি; গাছ ধীর। কিন্তু ধীর মানেই দুর্বল নয়। বরং উদ্ভিদের ধৈর্য এত গভীর যে আমরা সেটা ধরতেই পারি না।

একটা গাছ ঝড়ের সাথে যুদ্ধ করে একদিনে জেতে না। সে নিজের কাঠামো বদলায়, আঁশ শক্ত করে, শিকড় আরও গভীরে পাঠায়। খরা এলে পাতা কমায়, স্টোমাটা বন্ধ করে দেয়, পানি খরচের বাজেট বানায়। মাটিতে পুষ্টি কমলে সে শিকড় বাড়িয়ে দেয়।

বুদ্ধিমত্তা মানে কি শুধু মস্তিষ্ক?

তাহলে শেষ প্রশ্ন- আমরা কি গাছকে বুদ্ধিমান বলব? এটা একটা ভাষার যুদ্ধও বটে। কেউ বলবেন, “না, বুদ্ধিমত্তা বলতে মস্তিষ্ক চাই।” কিন্তু কেউ বলবেন, “বুদ্ধিমত্তা মানে সমস্যা সমাধান, অভিযোজন, যোগাযোগ – এসব তো গাছ করে।” কিন্তু গাছকে মানুষের ফ্রেমে ফেলে বিচার করলে ভুল হবে।

গাছ আমাদের মতো নয়, তাই তাদের বুদ্ধিমত্তা আমাদের মতো হবে- এটা আশা করাও অন্যায়। উদ্ভিদরা পৃথিবীর সবচেয়ে পুরোনো, সবচেয়ে ধৈর্যশীল, আর সবচেয়ে নিখুঁত সারভাইভার। তারা আমাদের মতো ছুটতে পারে না, তাই তাদের বাঁচার কৌশলও ভিন্ন। তারা দাঁড়িয়ে থেকে জয়ী হয়। তারা চুপচাপ থেকে পৃথিবীর জলবায়ু বদলায়, অক্সিজেন বানায়, মাটিকে জীবন্ত রাখে।

আর সবচেয়ে বড় কথা তারা আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা ভাবি বুদ্ধিমত্তা শুধু আমাদের একচ্ছত্র সম্পত্তি। কিন্তু একটা গাছ আমাদের চোখের সামনে দাঁড়িয়ে থেকে যেন বলে, বুদ্ধিমত্তা মানে শুধু চিন্তা করা নয়, বুদ্ধিমত্তা মানে টিকে থাকা। আর টিকে থাকার জন্য প্রকৃতির কাছে হাজারটা পথ রয়েছে – তার মধ্যে “মস্তিষ্ক” শুধু একটা পথ।

যদি কোনো গাছের দিকে ভালো ভাবে লক্ষ্য করি, তাহলে দেখবো একটা নীরব ইঞ্জিন। একটা জীবন্ত সত্ত্বা দেখবো। একটা ধীরগতির সিদ্ধান্ত গ্রহণকারী জীব, যে আলো থেকে খবর নেয়, বাতাসে সংকেত পাঠায়, মাটির নিচে নেটওয়ার্ক চালায়, এবং নিজের মতো করে পৃথিবীকে বুঝে নেয়। গাছ কথা বলে না ঠিকই কিন্তু গাছের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো, কথা না বলেও সব বুঝে ফেলা আর আমরা মানুষরা এত কথা বলেও – প্রকৃতির অনেক কিছুই বুঝে উঠতে পারি না।

Tanvir Hossainhttps://bichitrobiggan.com
তানভীর হোসেন ছাত্র জীবন থেকেই বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন। সহজ সরল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বিজ্ঞানে জন সচেতনতা সৃষ্টি করা এবং তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল উদ্দেশ্য। তানভীর হোসেনের লেখা দুটো বিজ্ঞান বিষয়ক বই, "শতাব্দীর বিজ্ঞান" এবং "বিচিত্র বিজ্ঞান" পাঠক সমাদৃত হয়েছে।
RELATED ARTICLES

Most Popular