আমরা চারপাশে যে জগতটাকে দেখি, সেটাকে খুব স্থির আর নিরেট বলে মনে হয়। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলছে—আমাদের চেনা জগতের আড়ালে লুকিয়ে আছে একেবারে ভিন্ন এক বাস্তবতা। সেই অদৃশ্য বাস্তবতাকে বোঝার জন্য যে ধারণাটা সবচেয়ে সফলভাবে দাঁড়িয়ে আছে, তার নাম কোয়ান্টাম ফিল্ড থিওরি।
এই তত্ত্ব বলে, প্রকৃতির মূল উপাদান বস্তুকণা নয়, বরং পুরো মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে কিছু অদৃশ্য ক্ষেত্র বা ফিল্ড।
কণা নাকি ঢেউ?
কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী, ইলেকট্রনের জন্য রয়েছে এক ধরনের ক্ষেত্র, আলোর জন্য আরেক ধরনের ক্ষেত্র, আবার কোয়ার্কের জন্য রয়েছে অন্য ধরনের ক্ষেত্র। আমরা যাকে ইলেকট্রন বা অন্য কোনো বস্তুকণা বলে চিনি, সেগুলো আসলে ওই ক্ষেত্রগুলোর ছোট ছোট কম্পন।
ব্যাপারটা অনেকটা শান্ত পুকুরের পানিতে হালকা ঢেউ ওঠার মতো। পুরোটা পুকুর জুড়ে রয়েছে পানি, আর ঢেউটা হলো তার সাময়িক নড়াচড়া। ঠিক তেমনিভাবে, কোয়ান্টাম ক্ষেত্রই আসল, বস্তুকণা হলো তার বহিঃপ্রকাশ।
শূন্যতা ও ক্যাসিমির এফেক্ট
এই ধারণা আমাদের শূন্যতা সম্পর্কে ভাবনাটাকেও বদলে দেয়। আমরা ভাবি, শূন্যতা মানে কিছুই নেই। কিন্তু কোয়ান্টাম ফিল্ড থিওরিতে শূন্যতা কখনোই পুরোপুরি ফাঁকা নয়। সেখানে সবসময় অতি ক্ষুদ্র স্তরে কিছু না কিছু ঘটছে।
অল্প সময়ের জন্য কণা এবং প্রতিকণা তৈরি হচ্ছে, আবার সেগুলো মিলিয়ে যাচ্ছে। চোখে ধরা পড়ে না, কিন্তু এর প্রভাব বাস্তব এবং পরিমাপযোগ্য। যেমন, দুটো ধাতব পাতকে খুব কাছাকাছি আনলে যে ক্ষুদ্র আকর্ষণ বল দেখা যায়, যাকে বলে ক্যাসিমির এফেক্ট (Casimir Effect), সেটাও এই কোয়ান্টাম শূন্যতার মাঝে অস্থিরতার ফল।

কিউইডি (QED) ও ফাইনম্যান ডায়াগ্রাম
কোয়ান্টাম ফিল্ড তত্ত্বের ভেতরে আবার বিশেষ কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন আলো আর ইলেকট্রনের সম্পর্ক বোঝার জন্য এই তত্ত্বের যে অংশটা তৈরি হয়েছে, সেটাকে বলা হয়, কোয়ান্টাম ইলেকট্রো-ডাইনামিকস (QED)। ব্যাপারটা খুব সহজভাবে বলা যায়—ইলেকট্রন আর আলো একে অপরের সাথে শক্তি আদান-প্রদান করে। আলো আসে, ইলেকট্রন সেটাকে শোষণ করে, আবার আলো ছেড়ে দেয়।
এই পুরো প্রক্রিয়াটাকে এত নিখুঁতভাবে হিসেব করা যায় যে, পরীক্ষার ফলের সাথে হিসেব প্রায় হুবহু মিলে যায়। বিজ্ঞানে এমন নিখুঁত মিল খুব বিরল। এই প্রসঙ্গে একজন বিজ্ঞানীর নাম আলাদা করে বলতে হয়—রিচার্ড ফাইনম্যান। তিনি জটিল কোয়ান্টাম হিসেবকে খুব সহজভাবে বোঝানোর জন্য ছোট ছোট চিত্র ব্যবহার করেছিলেন, যেগুলো আজ “ফাইনম্যান ডায়াগ্রাম” নামে পরিচিত।
এর ফলে কোয়ান্টাম ফিল্ড থিওরি শুধু বিশেষজ্ঞদের বিষয় হয়ে থাকেনি, বরং বোঝার মতো এক মানবিক রূপ পেয়েছে। তাঁর সঙ্গে জুলিয়ান শুইঙ্গার আর সিন-ইতিরো তোমোনাগার মতো বিজ্ঞানীরাও এই তত্ত্বকে শক্ত ভিত দিয়েছিলেন। সেজন্য এই তিনজন বিজ্ঞানীকে ১৯৬৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল।
নিউক্লিয়াস ও শক্তিশালী বল (QCD)
এরপর যদি আমরা পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে ঢুকি, তাহলে গল্পটা আরও ভিন্ন হয়ে যায়। সেখানে ইলেকট্রন নেই, আছে কোয়ার্ক আর গ্লুয়ন। এদের নিয়ন্ত্রণ করে সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বল, যেটাকে বোঝার জন্য তৈরি হয়েছে কোয়ান্টাম ক্রোমোডাইনামিকস (QCD)।
এখানে “ক্রোমো” অর্থ “রং” শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা চোখে দেখা রং নয়। এটা শুধু বোঝানোর সুবিধার জন্য দেওয়া নাম। এই তত্ত্বের সবচেয়ে অদ্ভুত দিক হলো—কোয়ার্ক কখনো একা থাকে না। যতই আলাদা করার চেষ্টা করা হোক, তারা তত শক্তভাবে বাঁধা পড়ে থাকে। আমাদের পরিচিত জগতের নিয়মের ঠিক উল্টো। এই আচরণকে বলা হয় কনফাইনমেন্ট (Confinement)।
কোয়ান্টাম ক্রোমোডাইনামিকসে তাত্ত্বিক অবদান রাখার জন্য ডেভিড গ্রস, ফ্র্যাঙ্ক উইলচেক ও হিউ ডেভিড পলিট্জার—এই তিনজন বিজ্ঞানীকে যৌথভাবে ২০০৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।
সীমাবদ্ধতা ও সৌন্দর্য
কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিকস আর কোয়ান্টাম ক্রোমোডাইনামিকস মিলিয়ে বোঝা যায়, কোয়ান্টাম ফিল্ড থিওরি কতটা শক্তিশালী একটি তাত্ত্বিক কাঠামো। আলো থেকে শুরু করে পরমাণুর গভীরের শক্তি—সবকিছুই এই একই ভাষায় লেখা।
তবে এখানে একটি সীমাবদ্ধতাও আছে। এই তত্ত্ব এখনো মহাকর্ষকে পুরোপুরি নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেনি। তাই বিজ্ঞানীরা এখনো খুঁজে চলেছেন মহাকর্ষের আরও গভীর কোনো ব্যাখ্যা।
সবশেষে বলা যায়, কোয়ান্টাম ফিল্ড থিওরি আমাদের শুধু নতুন তথ্য দেয় না, বরং বাস্তবতাকে দেখার চোখটাই বদলে দেয়। আমরা যে নিরেট জগতে বাস করি, সেটা আসলে অদৃশ্য ক্ষেত্রের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। সবকিছু কাঁপছে, নড়ছে এবং একে অপরের সাথে মিথস্ক্রিয়া করছে। এই ভাবনাটা সহজ, কিন্তু তাৎপর্যপূর্ণ। আর এটাই হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরির সবচেয়ে বড় সৌন্দর্য।
